

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো.সারওয়ার আলমকে পুনর্বহাল করা হয়েছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে সরকারি কোনো প্রজ্ঞাপন, নির্ভরযোগ্য সংবাদ কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে তিনি আলোচনায় ছিলেন। প্রত্যাহারের বিষয়টি তিনি নিজেও গণমাধ্যমকে নিশ্চিতকরেছিলেন।

পরবর্তীতে ২৩ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিদায়ী বার্তায় তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।” একই দিন তিনি সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে “আলহামদুলিল্লাহ, সিলেটবাসীর প্রতিবাদের কারণে ডিসি সারওয়ার আলম স্যার পুনর্বহাল” শিরোনামে একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একই দাবি পুনঃপ্রচার করা হয়।
তথ্য যাচাইয়ে দেখা যায়, ভাইরাল পোস্টে ব্যবহৃত নোটিশটি কোনো নতুন পুনর্বহালের আদেশ নয়। বরং ২১ জুন জারি হওয়া সারওয়ার আলমকে প্রত্যাহারের মূল প্রজ্ঞাপনেরই আংশিক ও অস্পষ্ট স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষর রয়েছে।
এ ছাড়া সারওয়ার আলমকে পুনর্বহালের বিষয়ে কোনো সরকারি আদেশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট, কিংবা কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি। ভাইরাল পোস্টগুলোতেও দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করা হয়নি।
সব তথ্য-উপাত্ত পর্যালোচনায় স্পষ্ট হয়েছে যে, সারওয়ার আলম দায়িত্ব হস্তান্তর করে সিলেট ছেড়েছেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন পিংকি সাহা।
অতএব, সিলেটের জেলা প্রশাসক হিসেবে মো. সারওয়ার আলমকে পুনর্বহাল করা হয়েছে-এমন দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
সূত্র: প্রথম আলো
আপনার মতামত লিখুন :