

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের অনুমোদন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মানুষের জন্য স্বাস্থ্যসেবা খাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ সুখবর। গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন প্রদান করা হয়েছে। এর ফলে দুটি উপজেলার কয়েক লাখ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
জানা গেছে, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর ধারাবাহিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট মহলে তদবিরের ফলেই এ অনুমোদন এসেছে বলে স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্স দুটির শয্যা সংখ্যা বৃদ্ধি, জনবল ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর তুলনায় শয্যা সংকট ছিল। ১০১ শয্যায় উন্নীত হলে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি পাবে এবং রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
এদিকে, এ সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি সিলেট-৬ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটি এ অঞ্চলের মানুষের জন্য আরও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :