

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে ফাহমিদা আক্তার মোহনা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী জাহিদুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হচ্ছে।
শনিবার ২৩ মে বিকেল আনুমানিক ৪টার দিকে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, বিরোধের একপর্যায়ে মোহনাকে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দম্পতির একটি সন্তান রয়েছে।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো:শাহ আলম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :