

আব্দুল্লাহ আল মাসুদ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচনী হাওয়া বইছে জোরেশোরে। মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য এমপি পদপ্রার্থীরা। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে নেমেছেন জনসংযোগে।
সকাল-বিকাল চলছে মিছিল, মিটিং, জনসভা ও পথসভা। উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের ব্যস্ততম বাজার এলাকা—সবখানেই এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু সম্ভাব্য প্রার্থীদের নাম। মাঠে দেখা যাচ্ছে দলের নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা।
প্রচারণার অংশ হিসেবে প্রার্থীরা নানা কৌশলে ব্যস্ত সময় পার করছেন। কেউ নিজের পরিচিতি তুলে ধরতে দিচ্ছেন বড় আকারের ব্যানার ও ফেস্টুন , বিশেষ করে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বাজার, চৌমুহনা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা এবং বাসস্ট্যান্ডে এখন রীতিমতো ব্যানার-ফেস্টুনের ছড়াছড়ি।
অনেক জায়গায় দেখা গেছে বৈদ্যুতিক খাম্বায় ঝুলছে ব্যানার ও ফেস্টুন , আবার কোথাও গাছে ঝুলছে প্রার্থীদের ফেস্টুন। এতে এলাকায় সৃষ্টি হয়েছে রঙিন এক নির্বাচনী আমেজ। যদিও সাধারণ মানুষের অনেকে বলছেন, “প্রচারণা হোক, তবে যেন পরিবেশ ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।”
নির্বাচনী প্রচারণায় এখনই ব্যস্ত প্রার্থীরা নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন। কেউ অংশ নিচ্ছেন স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে, কেউ আবার মাঠে-ময়দানে খেলাধুলার আয়োজন করে তরুণ ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট। একদিকে পুরোনো অভিজ্ঞ প্রার্থীরা, অন্যদিকে তরুণ নেতৃত্ব—দু’পক্ষই মাঠে সমানতালে প্রচারণায় নেমেছেন। সব মিলিয়ে সিলেট-৬ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে, যা সামনে আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।
চায়ের আড্ডা থেকে হাট-বাজার—সবখানেই এখন আলোচনার মূল বিষয় “কে আসছেন সিলেট-৬-এর নতুন এমপি হয়ে?”
আপনার মতামত লিখুন :