১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার চুক্তি! আসামির জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস


admin প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১৮:২১ /
১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার চুক্তি! আসামির জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক:

ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও আলোচনায়। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। আদালতের নির্দেশে রমনা থানায় নতুন মামলা দায়ের করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

 

১৯৯৭ সালে দেওয়া আসামি রেজভী আহমেদ ফরহাদের ১৬৪ ধারার জবানবন্দি ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে। জবানবন্দিতে রেজভী দাবি করেন, সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়— এটি ছিল ১২ লাখ টাকার বিনিময়ে সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

 

রেজভীর বক্তব্য অনুযায়ী, সালমান শাহকে হত্যার চুক্তি করেছিলেন তার সাবেক শাশুড়ি লতিফা হক লুসি। সেই পরিকল্পনায় অংশ নেন চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদসহ আরও কয়েকজন।

 

১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বসে হয় হত্যার চুক্তি সভা। রেজভী জানান, সে রাতে ফারুক ২ লাখ টাকা নিয়ে আসে এবং জানায়— “সামিরার মা বলেছেন, কাজ শেষ হলে মোট ১২ লাখ টাকা দেওয়া হবে।” পরের দিন গভীর রাতে তারা সালমান শাহর বাসায় প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটায়।

 

রেজভীর ভাষ্যমতে, ঘুমন্ত সালমান শাহকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। পরে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়। এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়।

 

এই হত্যাকাণ্ডে সরাসরি উপস্থিত ছিলেন— সামিরা, তার মা লুসি ও আত্মীয়া রুবি, বলে জবানবন্দিতে দাবি করেন রেজভী।

 

নতুন মামলা অনুযায়ী, সালমান শাহ হত্যা মামলার আসামি ১১ জন। প্রধান আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন— আজিজ মোহাম্মদ ভাই, ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

 

সালমান শাহর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুর পর থেকে এই রহস্যজনক ঘটনা ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। এবার মামলাটি হত্যা মামলায় পরিণত হওয়ায়, নতুন করে সত্য উদ্ঘাটনের আশা দেখছেন ভক্ত ও পরিবার।