হেতিমগঞ্জে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


admin প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১৬:৪৫ /
হেতিমগঞ্জে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। সিলেটসংস্কৃতি

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও র‍্যাব-৯ যৌথভাবে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে টহল দল একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত তিনটি কাভার্ড ভ্যান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি এবং বিভিন্ন ব্র‍্যান্ডের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে কাভার্ড ভ্যানগুলো বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন হওয়ায় সেগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

 

সুত্র: দৈনিক জালালাবাদ