

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:
গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত অপু খান বদই (৩০)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটের দিকে পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি টিকরবাড়ী এলাকার মৃত পাখি খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি অপু খান বদই। সম্প্রতি অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পুলিশ জানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :