

সংসদে আমীরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর: শাহীনূর পাশা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেছেন, জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হককে নিয়ে দেওয়া বক্তব্য এবং পরবর্তীতে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত, বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন।
শনিবার (২০ জুন) বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কালেক্টরেট মসজিদের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে মাওলানা মামুনুল হককে সংসদে যেতে দেওয়া হয়নি, আজ তিনি সংসদে উপস্থিত না থাকলেও সংসদের ভেতরে তাঁকে নিয়েই আলোচনা হচ্ছে। এতে বোঝা যায়, কিছু রাজনৈতিক মহল এখনো তাঁকে রাজনৈতিকভাবে ভয় পায় এবং অতীতের অপপ্রচার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।”
মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রসঙ্গে শাহীনূর পাশা চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা মামলায় আদালতের বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। বিষয়টি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরও জাতীয় সংসদের স্পিকার কর্তৃক ঘটনাটিকে ‘পরকীয়া’ ও তাঁর জীবনের ‘অন্ধকার অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করা বিস্ময়কর ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, একদিকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে একই বিষয়ে স্পিকারের মন্তব্য জনমনে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ স্পিকারের প্রতি বিভ্রান্তিকর মন্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ব্যাখ্যা প্রদান এবং আল্লামা মামুনুল হকের প্রতি করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভ ও প্রতিক্রিয়ার রাজনৈতিক ও নৈতিক দায় স্পিকারকেই বহন করতে হবে বলে তারা উল্লেখ করেন।
এ সময় বক্তারা ফ্যাসিস্ট আমলের মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সত্য, ন্যায়, আইনের শাসন ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ও সহ-সম্পাদক মাওলানা আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম এবং জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সমাপনী বক্তব্য এবং মাওলানা আনোয়ার হোসাইনের মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :