

ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ১
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে উপজেলার বাঘমারা গয়াসি হাওরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের ছাবির আহমদ (৪০) ও হামিদ মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন জেলে নৌকায় করে হাওরে বড়শি দিয়ে মাছ শিকারে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুই জেলের মৃত্যু হয়। বজ্রপাতের পর থেকে তাদের সঙ্গে থাকা আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন সবাইকে বৈরী আবহাওয়ার সময় হাওর ও খোলা স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :