সিলেট জামায়াত আমীরের বেফাঁস মন্তব্যে তোলপাড়, কড়া জবাব এমপি এমরানের


admin প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ১৪:২৬ /
সিলেট জামায়াত আমীরের বেফাঁস মন্তব্যে তোলপাড়, কড়া জবাব এমপি এমরানের

সিলেট জামায়াত আমীরের বেফাঁস মন্তব্যে তোলপাড়, কড়া জবাব এমপি এমরানের

নিজস্ব প্রতিবেদক:  জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরকারকে উদ্দেশ্য করে দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে শুক্রবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক পেজে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন মাওলানা হাবিবুর রহমান।
তবে তার এই দুঃখ প্রকাশের পরও বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “সিলেট জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান সাহেব যে ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, তা শুধু ন্যক্কারজনকই নয়, বরং তাদের দলের নেতাদের পুরনো মুখোশও উন্মোচন করেছে। তিনি এখন দুঃখ প্রকাশ করলেও তার বক্তব্য থেকে তাদের ভেতরে কতটা হিংসা ও প্রতিহিংসা কাজ করে, তার বাস্তব প্রমাণ পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “ভাবতে অবাক লাগে একটি দলের জেলা আমীর কীভাবে এমন বক্তব্য দিতে পারেন। শুধু তিনি নন, ইদানীং তাদের অনেক নেতার বক্তব্য শুনলে গা শিউরে ওঠে। একজন নেতা দেশের প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।”
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার পোস্টে রাজনৈতিকভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের বিভেদ ও দুর্বলতার সুযোগ নিয়ে তারা ফায়দা লুটতে চায়। তাই প্রয়োজন হলে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার বিষয়েও চিন্তা করতে হবে।”
এদিকে, জামায়াত আমীরের বক্তব্য এবং তা নিয়ে বিএনপি নেতার প্রতিক্রিয়া ঘিরে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।