

শিশুসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে, জালালাবাদে চাঞ্চল্য
ডেস্ক রিপোর্ট: সিলেটের জালালাবাদ থানা এলাকার পুরাতন কালারুকা গ্রামে নিজ শিশুসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে পুরাতন কালারুকা গ্রামের বাসিন্দা আমীর আলীর কন্যা। এ ঘটনায় অভিযুক্ত মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ঘরের ভেতরে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে।
এ বিষয়ে মো. শামসুল হাবিব জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে সুবিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার পর তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :