

গোলাপগঞ্জে ২০ লাখ টাকা চিনতাই ঘটনায় একজন আটক
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা চিনতাইয়ের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দে দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নং-১৩, তারিখ ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ, জিআর-৯৬/২০২৬, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ১৯ মে রাত আনুমানিক সাড়ে ৯টায় জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ হিরা মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানার খাদিম এলাকার বিআরটিসি মির মহল্লার বাসিন্দা।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হিরা মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, ডাকাতচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :