

আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশনায় সিলেট জেলার বিভিন্ন থানায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম। এসময় থানা পুলিশের সদস্যদের পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও অংশ নেন।
অভিযানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুকান্ত হিরাসহ অন্যান্য ট্রাফিক সদস্যরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও ট্রাফিক আইন প্রতিপালনের বিষয়গুলো যাচাই করেন। চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় বেশ কয়েকটি যানবাহনের কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেলে চারটি পৃথক মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়কে বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো:রাসেল জানান, সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান টানা এক সপ্তাহ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাও কমে আসবে।
আপনার মতামত লিখুন :