বিয়ানীবাজারে ঈদ উপহার বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১৯:৪১ /
বিয়ানীবাজারে ঈদ উপহার বিতরণ

বিয়ানীবাজারে ১৭ বছরের পর প্রথমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত ঈদ উপহার প্রকাশ্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে শাড়ি, থ্রি-পিস এবং নগদ অর্থ সরাসরি হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে তুলে দেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় সরকারি বরাদ্দকৃত উপহার কোথায় এবং কার কাছে পৌঁছাতো, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে এবার পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সকলের চোখের সামনে সম্পন্ন হলো।

চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, “আমার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ বছর ২ মাসে এটি প্রথমবার যে আমি ঈদ উপহার বিতরণে আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছি।”

প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “মানবিক দেশ গঠনে সরকার সব সময় মানুষের পাশে থাকবে। বরাদ্দ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার চেষ্টা করা হবে। প্রকৃত উপকারভোগীদের কল্যাণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস এবং হাজী রুমাল বিতরণ করা হয়। ইউনিয়ন প্রতি ৪০ হাজার টাকা এবং পৌরসভায় ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।