

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণ ভোটের মাধ্যমে যে পবিত্র আমানত আমাকে দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করব। সবাইকে সঙ্গে নিয়ে এই দুই উপজেলায় উন্নয়নের বিপ্লব ঘটানোই আমার লক্ষ্য।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল ও নাজিম উদ্দীন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ এবং বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্যের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রশংসা করেন। তিনি বলেন, এমপি এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও তত্ত্বাবধানে আজকের ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, এভাবেই দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে তিনি অবহেলিত সিলেট-৬ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্পন্ন করবেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, যুক্তরাজ্য বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুজিবুর রহমান এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এছাড়াও বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন। মাহফিল শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :