সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৪:২৩ /
সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

আব্দুল্লাহ আল মাসুদ:

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে।
অনেকের মতে, এ মুহূর্তে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুফতি আবুল হাসান। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক শক্তির কারণে মাঠে তার অবস্থান শক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বিএনপির জোটভুক্ত শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন মাওলানা ওবায়দুল্লা ফারুক । ধর্মভিত্তিক রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা এবং তৃণমূল পর্যায়ে সমর্থন তাকে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামুনুর রশীদ এবং মুসলিম লীগের প্রার্থী বেলাল উদ্দিনও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদের ব্যক্তিগত ইমেজ ও স্থানীয় যোগাযোগ ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ভোটাররা।

সব মিলিয়ে, কানাইঘাট–জকিগঞ্জ আসনে শেষ পর্যন্ত কার ভাগ্যে বিজয় আসে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। তবে বর্তমান পরিস্থিতিতে এই আসনে হাড্ডাহাড্ডি ও ত্রিমুখী লড়াইয়ের আভাস স্পষ্ট।