

গোলাপগঞ্জ প্রতিনিধি:
বৃহত্তর উজান মেহেরপুর এলাকার প্রবাসীদের নাগরিক সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেহেরপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাদ মাগরিব।
আয়োজক সূত্র জানায়, বৃহত্তর উজান মেহেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে কুড়াসেতু হইতে উজান মেহেরপুর শাহী ঈদগাহ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, মাটিভরাট ও ইটসলিং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সম্মাননা প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃহত্তর উজান মেহেরপুর প্রবাসী কল্যাণ একক পরিষদের প্রধান উপদেষ্টা সুহেল আহমদ বদলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিষদের সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক সাবির আহমদ দুলাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানিয়েছেন, উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রবাসীসহ তাঁদের পরিবার-পরিজন এবং সর্বস্তরের এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী আলাউদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হাজী মুহিব আলী। সার্বিক সহযোগিতায় রয়েছে বৃহত্তর উজান মেহেরপুর জনকল্যাণ পরিষদ।
আপনার মতামত লিখুন :