

ডেস্ক রিপোর্ট:
সিলেটের বিয়ানীবাজারে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে ইমন আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন।
বুধবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামের একটি মৎস্য আড়তের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে আব্দুল করিম মনাইর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমন একটি দামী আইফোন ব্যবহার করে ভিডিও তৈরি করতেন। ওই ফোনের প্রতি দূর্বলতা ছিল বন্ধু আশরাফুলের। ফোন ছিনতাই বা চুরিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনা তদন্তে একজনকে আটক করা হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :