সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ মঙ্গলবার দেশে আসছে


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১৬:০২ /
সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীপের মরদেহ মঙ্গলবার দেশে আসছে

আব্দুল্লাহ আল মাসুদ:

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ উদীয়মান ভিডিও নির্মাতা দীপংকর দাস দ্বীপ আর নেই—এই বেদনাদায়ক খবরে সিলেটসহ দেশের বিভিন্নস্থানের মানুষ শোকে স্তব্ধ হয়ে আছেন। বহু তরুণের প্রেরণার উৎস হয়ে ওঠা এই প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর গত ১২ নভেম্বর মালেশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পরিবার সূত্রে জানা যায়, উচ্চশিক্ষার উদ্দেশ্যে দ্বীপ গত ১২ অক্টোবর মালেশিয়ায় যান। সেখানে পড়াশোনার পাশাপাশি স্বপ্ন দেখছিলেন একটি সফল ক্যারিয়ার গড়ার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে মালেশিয়ার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও অসংখ্য ভক্তের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

 

দীপের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষজন তার পুরোনো ভিডিওগুলো শেয়ার করে জানাচ্ছেন ভালোবাসা ও শ্রদ্ধা। বিশেষ করে সিলেটের তরুণ সমাজ তার অকাল মৃত্যুতে গভীর শোক ও হতবাক হয়ে পড়েছে।

 

দীপের ছোট ভাই দীপংকর দাস ধ্রুব একটি ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে, আগামী মঙ্গলবার মালেশিয়া থেকে দ্বীপের মরদেহ দেশে আনা হবে। তিনি জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হলে মঙ্গলবার দুপুরের দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি মণ্ডল কাপন গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছাবে। সেখানে শেষবারের মতো স্বজনদের দেখার সুযোগ হবে।

 

পরিবারের সদস্যরা জানান, প্রিয় সন্তানের এভাবে চলে যাওয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। গ্রামের মানুষজনও অপেক্ষা করছেন তাদের প্রিয় ছেলে দ্বীপের শেষ যাত্রায় অংশ নেওয়ার জন্য।

 

দীপংকর দাস দ্বীপের মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, বরং সিলেটের কন্টেন্ট নির্মাতা সমাজ থেকেও শোকের বার্তা আসছে। অনেকেই বলেছেন, দ্বীপের মতো প্রতিভাবান, বিনয়ী ও পরিশ্রমী তরুণের চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

 

সিলেট ও হবিগঞ্জের মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন তরুণ প্রতিভা দীপংকর দাস দ্বীপ।