

জাতীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বিয়ানীবাজার উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ অর্জনকে উপজেলার পাশাপাশি পুরো সিলেটের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘জাতীয় পর্যায়ে বিয়ানীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন শুধু উপজেলার নয়, সমগ্র সিলেটবাসীর জন্য গর্বের। একটি বিদ্যালয়ের জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম, সমাজকর্মী হুমায়ুন কবির আখিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার এবং অভিভাবক প্রতিনিধি সারোয়ার হোসেন ও হোসাইন আহমদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক তন্ময় পাল চৌধুরী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রায়হান আলম সাজু। শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বিতর্ক প্রতিযোগিতা, নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল, সুবর্ণ নাগরিক কার্ড এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, সিনিয়র সহসভাপতি আব্দুর সবুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
উপজেলা সমাজসেবা কার্যালয় জানায়, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এসব সহায়তা ও ঋণ বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :