গোলাপগঞ্জে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কোটি টাকা বরাদ্দ


admin প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ১৭:০২ /
গোলাপগঞ্জে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কোটি টাকা বরাদ্দ

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর ধারাবাহিক প্রচেষ্টায় গোলাপগঞ্জ উপজেলার আরও ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

জানা যায়, ২১ জুন ২০২৬ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গোলাপগঞ্জ উপজেলার আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল একাডেমি, সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়, আছিরগঞ্জ আলিম মাদরাসা ও লক্ষণাবন্দ হুফফাজে কুরআন মহিলা দাখিল মাদরাসার মেরামত ও সংস্কার কাজের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দের অর্থ দিয়ে প্রতিষ্ঠানগুলোর জরাজীর্ণ ভবনের প্রয়োজনীয় মেরামত, অবকাঠামোগত সংস্কার এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ বাস্তবায়ন করা হবে।
স্থানীয়দের মতে, উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন ছিল। নতুন এ বরাদ্দের ফলে শ্রেণিকক্ষ, ভবন ও অন্যান্য অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার সম্ভব হবে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপকৃত হবেন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

এদিকে শিক্ষা খাতে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে একের পর এক বরাদ্দ আসায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রচেষ্টায় বিয়ানীবাজার উপজেলার জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসা, গোলাপগঞ্জ উপজেলার এল.বি. গ্রীন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় এবং রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা করে ৪ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার গোলাপগঞ্জ উপজেলার আরও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ হওয়ায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।