

সিলেটের ডিসি সারওয়ার আলমকে স্বপদে পুনর্বহালের দাবি খেলাফত মজলিসের
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা। মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারওয়ার আলম একজন জননন্দিত, জনবান্ধব, ধর্মপ্রাণ ও সৎ কর্মকর্তা হিসেবে সিলেটবাসীর আস্থা অর্জন করেছিলেন। তাঁকে প্রত্যাহারের সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা দাবি করেন, দায়িত্ব পালনকালে সারওয়ার আলম সিলেটে বিভিন্ন জনকল্যাণমূলক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, কিংব্রিজ এলাকা হকারমুক্ত করা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ তহবিল গঠন, প্রবাসীদের আবাসন পরিকল্পনা এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ উল্লেখযোগ্য বলে তারা দাবি করেন।
খেলাফত মজলিস নেতারা আরও বলেন, সরকারের এ সিদ্ধান্তে সিলেটবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। তারা অবিলম্বে জেলা প্রশাসক সারওয়ার আলমকে পুনরায় সিলেটে স্বপদে বহাল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
আপনার মতামত লিখুন :