

গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন ও জুয়ার হিসাব-সংক্রান্ত তালিকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হেতিমগঞ্জের কায়স্থগ্রাম এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) এবং একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করত। তারা ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়া খেলায় অংশ নিতে উৎসাহিত করত এবং এর মাধ্যমে কমিশন আদায় করত।
র্যাব আরও জানায়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :