

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাহাবুব হাসান আতিক (২৫) গোলাপগঞ্জ পৌরসভার স্বরস্বতি এলাকার বাসিন্দা ও তিনি চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়া প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দায়ের হওয়া গোলাপগঞ্জ মডেল থানার মামলার এজাহারভুক্ত আসামি মাহাবুব হাসান আতিককে শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে স্বরস্বতি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :