

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাকিল আহমদ (২৭) উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়ার বাসিন্দা। সোমবার (১৫ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে পৌরসভার কদমলতী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভাইরাল হওয়া অস্ত্রের মহড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। শাকিল আহমদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪টি মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া আলোচিত অস্ত্রের মহড়ার ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :