গোলাপগঞ্জের চিকিৎসকের ছেলে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুট


admin প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১৭:৪৮ /
গোলাপগঞ্জের চিকিৎসকের ছেলে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুট

গোলাপগঞ্জের চিকিৎসকের ছেলে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুট
স্টাফ রিপোর্টার:  সিলেট নগরীর সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার মৃত মিসবাহ উদ্দিনের ছেলে এবং গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক রুলী বিনতে রহিমের সন্তান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সুবিদবাজারের ফাজিলচিশত এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদি তার মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটে বসবাস করত। দুপুরে ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য এবং বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিরকুটটি মাহাদির নিজের লেখা। এতে ইংরেজিতে তার মরদেহের ময়নাতদন্ত না করার এবং ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত না চালানোর অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া চিরকুটে ময়নাতদন্ত ও তদন্ত না করার অনুরোধ থাকলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।”
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।