

গোলাপগঞ্জে দুই মাস ধরে নিখোঁজ যুবক, পরিবারের উদ্বেগ চরমে
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই চক এলাকার বাসিন্দা জাবেদ আহমদ (২৮) গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনার প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে।
থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, নওয়াই চক গ্রামের আতির আলীর ছেলে জাবেদ আহমদ গত ১১ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালান। সম্ভাব্য সব স্থানে অনুসন্ধান করেও কোনো তথ্য না পাওয়ায় তার মা মোছা. শিবলী বেগম গত ২০ মে ২০২৬ তারিখে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর- ৮৮৮।
পরিবারের ভাষ্যমতে, জাবেদ আহমদ হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তার কোনো খোঁজ না পাওয়ায় স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ জাবেদ আহমদের উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা এবং শারীরিক গঠন ছোটখাটো। তার বয়স আনুমানিক ২৮ বছর। নিখোঁজ হওয়ার সময় তিনি কী পোশাক পরিহিত ছিলেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত তথ্য দিতে পারেনি।
পরিবার প্রশাসনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সহযোগিতা কামনা করেছে। কেউ জাবেদ আহমদের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল নিখোঁজ যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানিয়েছে, যাতে দ্রুত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
যোগাযোগ: মোছা. শিবলী বেগম (মাতা) মোবাইল: ০১৭৯৫-৫৪৫৬০৪
নিখোঁজ ব্যক্তির সন্ধান সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :