সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১৫:২১ /
সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

 সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৫ জুন (শুক্রবার) রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের (বর্তমানে শাহজালাল উপশহরের বাসিন্দা) আব্দুস শুক্কুর (৭৯) এবং সিলেটের শাহপরাণ থানার সুলতানপুর গ্রামের (বর্তমানে খাস্তবীর এলাকার বাসিন্দা) মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫)।

ঘটনার বিবরণ:  এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে এক অভিযুক্ত ওই কিশোরকে বেড়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপর সহযোগীর উপস্থিতিতে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে কিশোরটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি দেয় অভিযুক্তরা। পরবর্তীতে কিশোরটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করে।

জনতা কর্তৃক আটক ও পুলিশি ব্যবস্থা: ঘটনাটি জানাজানি হওয়ার পর গতকাল ৫ জুন রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকায় স্থানীয় জনতা অভিযুক্ত দুইজনকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আজ ৬ জুন এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩)। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫ অধ্যাদেশ)-এর ৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।