

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গণবিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি
প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক মানবজমিন পত্রিকার ২৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দের সংখ্যার ১১ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত “আইনগত গণবিজ্ঞপ্তি” শিরোনামের একটি বিজ্ঞপ্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সংশ্লিষ্ট পক্ষ।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে সত্য গোপন করে মিথ্যা, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপস্থাপন করা হয়েছে, যা শতবর্ষের ঐতিহ্যবাহী প্রেসবিটারিয়ান মতবাদে বিশ্বাসী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সংশ্লিষ্ট পক্ষের দাবি, সিলেট প্রেসবিটারিয়ান সিনড একটি সাংবিধানিকভাবে নির্বাচিত ১৫ সদস্যবিশিষ্ট বৈধ কমিটির মাধ্যমে সংস্থার গঠনতন্ত্র ও বিধিমালা অনুসারে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
তারা আরও উল্লেখ করেন, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ৩৩৯০/২০২২ এবং ৫৩০৪/২০২৪-এর আদেশে বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এছাড়া রিট পিটিশন নং ২৮৯৪/২০২৪-এর শুনানি শেষে গত ২০ মে ২০২৬ তারিখে মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠিত কথিত বার্ষিক সিনড-২০২৫-এর আহ্বানকারী মি. জিডিশন প্রধান সুচিয়াং ও রেভারেন্ড সাইমন সরকারের বিরুদ্ধে আদালত ইনজাংশন জারি করেন বলে দাবি করা হয়। একই সঙ্গে তাদের আহূত সভায় গঠিত কমিটির কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রতিবাদকারীদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট পক্ষ নিজেদের কার্যক্রমকে বৈধ হিসেবে উপস্থাপন করতে এবং একটি সুনামধন্য খ্রিষ্টান ধর্মীয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উক্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা আদালত অবমাননার শামিল।
বিবৃতিতে আরও জানানো হয়, এর আগে গত ৫ মে ২০২৬ তারিখে ড. এম. জাহির অ্যান্ড অ্যাসোসিয়েটসের মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে একটি কনটেম্পট নোটিশ (Contempt Notice) প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট পক্ষ অবিলম্বে প্রকাশিত গণবিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সংস্থার সুনাম রক্ষা, ধর্মীয় কার্যক্রমে বাধা প্রদান এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দেওয়ানি ও ফৌজদারি আদালতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :