

আব্দুল্লাহ আল মাসুদ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ব্যস্ততম এলাকা গোলাপগঞ্জ চৌমুহনীতে এ অভিযান পরিচালিত হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হয়। একই সঙ্গে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। অভিযানের সময় একটি প্রাইভেট কারের কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়লে ট্রাফিক আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে সড়কে বাড়তি যানবাহনের চাপ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদের আগে ও পরে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও জানা যায়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গোলাপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কোনো ধরনের অপরাধ বা অনিয়মের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :