দুবাইয়ে কাজ করতে গিয়ে না ফেরার দেশে গোলাপগঞ্জের সেবুল


admin প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১৫:০৬ /
দুবাইয়ে কাজ করতে গিয়ে না ফেরার দেশে গোলাপগঞ্জের সেবুল

গোলাপগঞ্জ প্রতিনিধি:
পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার তাগিদে দীর্ঘ বছর ধরে প্রবাসে ছিলেন সিলেটের গোলাপগঞ্জের সেবুল আহমদ। কিন্তু সেই প্রবাস থেকেই এলো মৃত্যুর মর্মান্তিক সংবাদ। দুবাইয়ে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

রবিবার (১৮ মে) দুবাইয়ের আলফুর এলাকায়, ভোজখলিফার পাশ্ববর্তী স্থানে নির্মাণকাজ চলাকালে মাথায় ক্রেন পড়ে গুরুতর আহত হন সেবুল আহমদ। দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেবুল আহমদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নয়াপাড়া গ্রামে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছার পর পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকাহত হয়ে পড়েছে পুরো এলাকা।

নিহতের বোন ছলমা বেগম জানান, সেবুল আহমদ প্রায় ১৪-১৫ বছর ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। এরপর দেড় মাস আগে পুনরায় কর্মস্থলে ফিরে যান। কিন্তু পরিবারের সঙ্গে শেষ দেখা যে শেষ বিদায় হয়ে থাকবে, তা কেউ কল্পনাও করেননি। স্বজনদের ভাষ্য, পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করতে দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়েছেন সেবুল। তার আকস্মিক মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

এদিকে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সেবুল আহমদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।