গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা, দুর্ভোগে রোগী-স্বজন


admin প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ২১:৩০ /
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা, দুর্ভোগে রোগী-স্বজন

আব্দুল্লাহ আল মাসুদ:

সিলেটের গোলাপগঞ্জের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ বাড়ছে রোগী ও তাদের স্বজনদের মাঝে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বাথরুমের অপরিচ্ছন্ন অবস্থা, তেলাপোকার উপদ্রব এবং পানি সংকটের কারণে চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডগুলোর ফ্লোরে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায় নিয়মিত। বাথরুমগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। দুর্গন্ধ ও নোংরা পরিবেশে সেখানে প্রবেশ করাও কষ্টকর হয়ে পড়েছে। অনেকের ভাষায়, “হাসপাতালে চিকিৎসা নিতে এসে যেন নতুন করে অসুস্থ হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।”

হাসপাতালে ভর্তি থাকা এক রোগী বলেন,পানির নলকূপ আছে, কিন্তু প্রয়োজনের সময় পানি পাওয়া যায় না। কয়েকবার বলার পরও পানি মেলে না। রোগী নিয়ে খুব কষ্টে থাকতে হচ্ছে।

ওপর দিকে রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন,ওয়ার্ড আর বাথরুমের অবস্থা দেখলে মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। একটি সরকারি হাসপাতালের পরিবেশ এমন হতে পারে, তা কল্পনাও করিনি।

সরেজমিনে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, ফ্লোরে ময়লা পড়ে আছে এবং বিভিন্ন স্থানে তেলাপোকার আনাগোনা চোখে পড়ে। অপর্যাপ্ত পরিচ্ছন্নতার কারণে রোগীদের মাঝে অস্বস্তি বিরাজ করছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকট রয়েছে। এছাড়া পানির সংকটের বিষয়ে বলেন মোটরের পানির লেয়ার না পাওয়ায় পানি সরবরাহে সমস্যা হচ্ছে।

তবে স্থানীয়দের দাবি, একটি ৫০ শয্যার হাসপাতালের এমন বেহাল পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, তেলাপোকার উপদ্রব বন্ধ এবং পানি সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।