

আব্দুল্লাহ আল মাসুদ:
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী উত্তরপাড়া আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে দীর্ঘদিন সংস্কার কাজের কারণে ঈদুল ফিতরের নামাজ বন্ধ ছিল। তবে গত বছর থেকে এলাকাবাসী ও তরুণ সমাজের উদ্যোগে পুনরায় এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল থেকেই মাঠে নামাজ আদায়ের জন্য ছুটে আসেন এলাকার সর্বস্তরের মানুষ—বৃদ্ধ, তরুণ ও শিশুদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ। দীর্ঘদিন পর নিজ এলাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে মুসল্লিদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।
ঈদের নামাজে ইমামতি করেন ফুলবাড়ী উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা হুসাইন আহমদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে এলাকাবাসী একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এসময় তরুণদের মধ্যে ছিল ভিন্নমাত্রার উৎসাহ—তারা দলবেঁধে ছবি তোলা ও ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন।
এলাকাবাসীর বক্তব্যে উঠে আসে আনন্দ ও প্রত্যাশা।
স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, “মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আমাদের শৈশবের স্মৃতির সাথে জড়িত। কয়েক বছর বন্ধ থাকার পর আবার শুরু হওয়ায় সত্যিই খুব ভালো লাগছে। এতে এলাকার ঐতিহ্য ফিরে এসেছে।”
মোঃ মোস্তাক আহমেদ বলেন, “তরুণদের উদ্যোগে এমন সুন্দর আয়োজন দেখে আমরা মুগ্ধ। সবাই মিলে একসাথে নামাজ আদায় করার মধ্যে আলাদা এক আনন্দ রয়েছে।”
স্থানীয় বাসীন্দা আব্দুর রউফ সুজন বলেন, “এই মাঠে ঈদের জামাত শুধু নামাজ নয়, এটি আমাদের সামাজিক বন্ধনেরও একটি বড় মাধ্যম। আশা করি এই আয়োজন নিয়মিতভাবে চলবে।”
প্রবাসী যুবক রুম্মান আহমদ বলেন, “ ২য় বারের মত নিজের এলাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে নামাজ আদায় করতে পেরে আমি আনন্দিত। আমি আশাবাদী আমাদের এলাকাবাসী ও যুব সমাজ ভবিষ্যতে আরও সুন্দরভাবে আয়োজন করবেন, এবং এলাকার সবাই স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।
ফুলবাড়ি উত্তর পাড়া জামে মসজিদ এর মতোয়ালি ফখরুল ইসলাম চৌধুরী বলেন , “আমাদের পরিবারের সবাই একসাথে এই মাঠে নামাজ পড়তে পারায় খুবই ভালো লাগছে। শিশুদের জন্যও এটি আনন্দের দিন হয়ে উঠেছে। আমি আশাবাদী আমাদের এলাকাবাসী ও যুব সমাজ আমাদের এলাকার ঐতিহ্য ধরে রাখতে এইভাবে কাজ করে যাবে।
সবমিলিয়ে দীর্ঘদিন পর মাদ্রাসা মাঠে ঈদের জামাত পুনরায় চালু হওয়ায় এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ।
আপনার মতামত লিখুন :