

আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেটের গোলাপগঞ্জে সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির এক শিক্ষককে ঘিরে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকদিন আগে একাডেমির শিক্ষক উজ্জ্বল কুমার একটি মুদি দোকান থেকে তেলের বোতল চুরি করার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার শুরু হয়।
মুদি দোকানের মালিকের ভাষ্য অনুযায়ী, উজ্জ্বল কুমার তার দোকানের নিয়মিত ক্রেতা ছিলেন। তবে কিছুদিন ধরে তিনি লক্ষ্য করেন, উজ্জ্বল কুমার দোকানে কেনাকাটা করে চলে যাওয়ার পর থেকেই দোকানের কিছু দামি পণ্য নিখোঁজ হয়ে যাচ্ছে। এতে তার মনে সন্দেহের সৃষ্টি হলে দোকানে একটি গোপন ক্যামেরা স্থাপন করেন।
পরে দেখা যায়, একদিন উজ্জ্বল কুমার দোকানে কেনাকাটা করতে এসে দোকানিকে অন্যদিকে মালামাল আনতে বলেন। সেই সুযোগে তিনি একটি তেলের বোতল নিজের ব্যাগে ভরে নেন। ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা শিক্ষক উজ্জ্বল কুমারকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানান। তবে কর্তৃপক্ষ সাময়িকভাবে তাকে একাডেমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও এখনো পর্যন্ত স্থায়ীভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের দাবি, উজ্জ্বল কুমারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত কেলেঙ্কারি ও পরীক্ষার প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগও রয়েছে বলে দাবি অনেকের।
অভিযোগ রয়েছে, কিছু শিক্ষক তাকে রক্ষা করতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ চালাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।
এ বিষয়ে অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। কিন্তু যিনি নিজেই চুরির অভিযোগে অভিযুক্ত, তিনি কিভাবে শিক্ষার্থীদের সুশিক্ষা দেবেন? আমরা এমন শিক্ষকের অব্যাহতি চাই।”
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চললেও এখনো পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :