বিয়ানীবাজারে ফখরুল ইসলামের শেষ জনসভায় জনজোয়ার


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৮:৪০ /
বিয়ানীবাজারে ফখরুল ইসলামের শেষ জনসভায় জনজোয়ার

আব্দুল্লাহ আল মাসুদঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৬ আসনের হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের শেষ নির্বাচনি জনসভা বিয়ানীবাজারে বিপুল মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় এক বিশাল জনজোয়ারে।

সোমবার (৯ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ বিয়ানীবাজারে ইসলামি ব্যাংকের পাশে অনুষ্ঠিত এই জনসভায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে জনসভাস্থল আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

শেষ নির্বাচনি এই জনসভায় বক্তব্য দিতে গিয়ে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,আজ এখানে আপনাদের যে ভালোবাসা দেখছি, সেটাই আমাকে সাহস দেয়। আপনারা যদি আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি এই আমানতের কখনো খেয়ানত করব না।

নিজেকে জনগণের সেবক হিসেবে তুলে ধরে তিনি বলেন,আমি নেতা হতে নয়, আপনাদের খাদিম হয়ে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সৎ ও যোগ্য মনে করেন, তাহলে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে আমাকে সেই সুযোগ দিন।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন,অনেকে প্রশ্ন তোলেন—একজন হাফিজ ও মাওলানা হয়ে কেন আমি রাজনীতিতে এলাম। আমি পরিষ্কারভাবে বলেছি, গরিব ও দূঃখি মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমার রাজনীতিতে আসা।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে ফখরুল ইসলাম বলেন,দীর্ঘ ৫৪ বছর ধরে এই অঞ্চল অবহেলিত। অনেক এলাকায় আজও চলাচলের রাস্তা নেই, মানুষ চরম কষ্টে দিন পার করছে। আমি এই অবহেলা দূর করতেই নির্বাচনে দাঁড়িয়েছি।

আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন,মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে কোনো নির্দোষ মানুষকে নোংরা রাজনীতির বলি হতে দেব না।”

শেষ জনসভায় উপস্থিত জনতা করতালি, স্লোগান ও হেলিকপ্টার প্রতীকের সমর্থনে মুখর হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এই শেষ জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামকে শক্ত অবস্থানে নিয়ে গেছে।