

গোলাপগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোমান আহমদ নৌশাদ (নাজির), উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোলাপগঞ্জ। সভা সঞ্চালনা করেন জাকির হোসেন, সহকারী অফিসার, পল্লী সঞ্চয় ব্যাংক, গোলাপগঞ্জ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কর্মচারী সমন্বয় পরিষদ, বিভাগীয় জেলা শাখার সভাপতি জনাব আবুল কালাম। স্বাগত বক্তব্য দেন আলমগীর হোসেন, ক্যাশিয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন,জাকির হোসেন (সদস্য সচিব, কর্মচারী পরিষদ গোলাপগঞ্জ ও পরিদর্শক, বিআরডিবি),হেলালুজ্জামান (অফিস সহকারী, উপজেলা কৃষি অফিস),তপন সরকার (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়),রিমা বিশ্বাস (নাজির, উপজেলা ভূমি অফিস)।
এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা লস্কর (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস), ইসরাইল আহমদ (ইলেক্ট্রিশিয়ান, এলজিইডি), রুহুল আমিন (ডাটা এন্ট্রি অপারেটর, নির্বাচন অফিস), ফয়েজ আহমদ (ভূমি অফিস), দীপালী তালুকদার (মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়), জায়েদা খাতুন (পল্লী সঞ্চয় ব্যাংক), শান্তা রানী (পিআইও অফিস), সুহেল রানা (হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন বহন করে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সংস্কার, বৈষম্য নিরসন ও পদোন্নতি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের দাবি জানান তারা।
তারা আরও বলেন, পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে পৌঁছালেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। এমনকি পে-স্কেল বাস্তবায়ন হবে না—এমন বক্তব্যে কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা প্রশ্ন তোলেন, সরকার যদি ন্যূনতম জীবনযাপনের উপযোগী বেতন নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে কর্মচারীরা আর কতদিন ধৈর্য ধরবে? তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় হলে তারা অবিলম্বে কর্মসূচি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফিরে যাবেন।
আপনার মতামত লিখুন :