

আব্দুল্লাহ আল মাসুদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই তার ভেরিফাইড ফেসবুক আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচারণা, জনসংযোগ ও মতামত প্রকাশে ফখরুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজটি সক্রিয় ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ও কর্মসূচি নিয়মিত অনুসরণ করতেন সমর্থকরা। কিন্তু হঠাৎ আইডিটি উধাও হয়ে যাওয়ায় ভোটার ও অনুসারীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিষয়টি জানার জন্য স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে আইডিটি ডিঅ্যাকটিভ করা হয়েছে নাকি প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ হয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে একটি ভেরিফাইড আইডি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। বিষয়টি নিয়ে প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলে প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন অনেকে।
আপনার মতামত লিখুন :