মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধন ক্লাবের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১৭:৩৬ /
মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধন ক্লাবের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

আব্দুল্লাহ আল মাসুদ:

সিলেটের গোলাপগঞ্জে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গণে আয়োজিত বিজয় মেলার অংশ হিসেবে সকাল ১১টা ৩০ মিনিটে এ কর্মসূচি শুরু হয়।

বন্ধন ক্লাব গোলাপগঞ্জের উদ্যোগে আয়োজিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাহের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফিকুর রহমান, এবং জামেয়া ইসলামিয়া গোলাপগঞ্জের অধ্যক্ষ জিল্লুর আহমদ চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই কর্মসূচিতে শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। এতে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বন্ধন ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাহি আল জামি, সাধারণ সম্পাদক তাহের আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ, সদস্য মাহফুজ ইসলাম, রাফি আহমদসহ অন্যান্য সদস্যরা।

কর্মসূচি শেষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ বন্ধন ক্লাব গোলাপগঞ্জের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিজয় দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন সত্যিই প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

এই কর্মসূচির মাধ্যমে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করা হয় বলে আয়োজকরা জানান।