

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ কসমেটিক পণ্যের একটি বড় চালান আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৫ ইবি’র একটি টহল টিম অভিযান চালায়।
সোর্সের তথ্য পাওয়ার পর রাত ১১টা ৩০ মিনিটে লে. রুম্মান বিন মাঈন–এর নেতৃত্বে টহল টিম ক্যাম্প থেকে রওনা হয়। পরে রায়খাইল গ্রামের আব্দুল হকের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও বিভিন্ন কাপড় জব্দ করা হয়। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অবগত করে পণ্যগুলো গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—নগদ অর্থ ২,৬৫০ টাকা, ৩টি মোবাইল ফোন ১টি বেডশীট, ১৯পিস শাড়ি ৫রোল থান কাপড় , ২৬ বক্স আলটাবিট ক্রিম, ৪৩ পিস নিভিয়া লোশন, ১২ পিস স্ক্রিন ব্রাইট, ৮৩ পিস গোমেলা ক্রিম, ৮ পিস সেলনোর ক্রিম,৫৬ পিস ক্লপ–জি, ১০ পিস নেভিয়া সফট এবং ২,৬৬০ প্যাকেট নাসির বিড়ি ।
সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪২ হাজার ৯৬ টাকা।
অভিযানকালে তিনজনকে আটক করে সেনাবাহিনী। ফখরুল হক রানা (৩৮) সোলাইমান (২২), বাকপ্রতিবন্ধী, বদরুল হক (৪২) আটককৃত তিনজনই রায়খাইল গ্রামে বাসিন্দা।
অভিযান শেষে রাত ১টা ৩০ মিনিটে জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের গোলাপগঞ্জ থানার সাব–ইন্সপেক্টর মো. হোসাইনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :