সাংবাদিক আবু সালেহ মুসা হেনস্তায়:বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার নিন্দা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১৭:২০ /
সাংবাদিক আবু সালেহ মুসা হেনস্তায়:বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার নিন্দা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসার খবর সংগ্রহ করার সময় দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার স্টাফ রিপোর্টার আবু সালেহ মুসা চরম হয়রানির শিকার হয়েছেন। নিয়মিতভাবে হাসপাতাল কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকলেও গত ২ ডিসেম্বর তিনি অপ্রত্যাশিতভাবে শারীরিক ও মানসিক হেনস্তার মুখে পড়েন।

জানা যায়, ১ ডিসেম্বর সাংবাদিক মুসার করা ‘এভারকেয়ারের সামনে ছবি ও সেলফি তোলার হিড়িক’ শিরোনামের ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এর পরদিন ওই প্রতিবেদনকে কেন্দ্র করে বিএনপি সমর্থক পরিচয়দানকারী মো. রফিক ইসলাম হাসপাতালে এসে সাংবাদিক মুসাকে সশরীরে হেনস্তা করেন।

ঘটনাস্থল থেকেই রফিক ইসলাম নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে সাংবাদিককে অপমানজনকভাবে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করেন। শুধু তাই নয়—সেখানে উপস্থিত অন্যান্য সাংবাদিকদেরও একে একে ক্যামেরার সামনে পরিচয় প্রকাশে বাধ্য করার চেষ্টা করেন, যা সাংবাদিকতার স্বাধীনতার প্রতি সুস্পষ্ট হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রফিক ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম পোল মোগরা এলাকায়। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন। তিনি বিএনপির কোনো দায়িত্বে না থাকলেও দলীয় সমর্থকের পরিচয় ব্যবহার করে এ ধরনের ঘটনায় জড়িত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখা। সংগঠনের সভাপতি বদরুল আলম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক যৌথ বিবৃতিতে বলেন,“সাংবাদিকদের হয়রানি ও হেনস্তা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনে বড় বাধা। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

সাংবাদিক সমাজ এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।