বিয়ানীবাজারে ‘মানব সেবা সংস্থা’র ঘর প্রদান ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


admin প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ১৫:৩৬ /
বিয়ানীবাজারে ‘মানব সেবা সংস্থা’র ঘর প্রদান ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সমাজসেবী সংগঠন ‘মানব সেবা সংস্থা’র উদ্যোগে বিয়ানীবাজারে হতদরিদ্র পরিবারকে ঘর প্রদান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ গ্রামে উক্ত ঘর প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে হতদরিদ্র পরিবারের জন্য নির্মিত ঘর নির্মাণে সহায়তাকারীদের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘মানব সেবা সংস্থা’ বিয়ানীবাজারের উপদেষ্টা লুৎফুর রহমান, সুলতান আহমদ, ফয়জুল ইসলাম, জুবের আহমদ, দুবাগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ‘মানব সেবা সংস্থা’র সভাপতি এনাম উদ্দিন, সাধারন সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি জামাল খান, আবুল হোসেন, হেলাল আহমদ, আব্দুল কাদির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ সামাদ তাফাদার বাবেল, ‘মানব সেবা সংস্থা’র সদস্য সালেক আহমদ চৌধুরী ও গোলাম রেজা তুফা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রকামী জনতার আশ্রয়স্থল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী, বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর সুযোগ্য নেতৃত্ব আমাদের জন্য খুবই প্রয়োজন। আমাদের মা’য়ের মতো নেত্রীর দ্রুত সূস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।