

আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেট—৬ (গোলাপগঞ্জ—বিয়ানীবাজার) আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে তুমুল আলোচনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চার প্রভাবশালী নেতা একসাথে মাঠে রয়েছেন। তারা হলেন— সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার টিমের সদস্য এনামুল হক চৌধুরী।

রাজনৈতিক মহলে এখন আলোচনার মূল বিষয়, সিলেট—৬ আসনের চার চৌধুরী! আর প্রচার প্রচারণায়ও একে অন্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নজরও এখন এই চার চৌধূরী নেতার কার্যক্রমের দিকেই। নেতাকর্মীদের মধ্যেও ঐক্যে আশা, যে নেতাই মনোনয়ন পান না কেন, চারজনই ঐক্যবদ্ধ থেকে দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।
বর্তমানে বিএনপির মাঠপর্যায়ের প্রচারণা ও সাংগঠনিক কর্মসূচিতে সবচেয়ে বেশি সক্রিয় এলাকা হিসেবে গোলাপগঞ্জ—বিয়ানীবাজারের নাম উঠে আসছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে সামনে রেখে এখানে এখন চার হ্যাভিওয়েট নেতারা যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিচ্ছে সিলেটের বিএনপিতে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এই চার নেতাই এখন মাঠ পর্যায়ে একযোগে কাজ করছেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে তারা নেতাকর্মীদের নিয়ে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন। কোথাও চলছে লিফলেট বিতরণ, কোথাও উঠান বৈঠক, আবার কোথাও হচ্ছে মতবিনিময় সভা ও জনসংযোগ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে এই চার জন চৌধুরী সক্রিয় ভূমিকা রয়েছে। এই চার নেতাই তাদের নিজ নিজ অবস্থান থেকে দলের সংকটময় সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক দক্ষতা বর্তমানে সিলেট—৬ আসনে বিএনপিকে নতুন করে সংগঠিত ও গতিশীল করে তুলছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপি তৃণমূল পর্যায়কে সংগঠিত করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই চার চৌধুরী নেতারা একত্রে কাজ করছেন। বিশেষ করে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যকে কেন্দ্র করে তারা জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন।
সিলেট জেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, এই চার জন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে সর্বদা মাঠে সক্রিয় থেকেছে। তাদের নেতৃত্বে গোলাপগঞ্জ—বিয়ানীবাজারের তৃণমূল বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত। প্রতিদিনই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা—সমাবেশ, কর্মী বৈঠক ও গণসংযোগের মধ্য দিয়ে নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পাচ্ছে।

বিয়ানীবাজার উপজেলার এক যুবদল নেতা বলেন, “এই চার চৌধুরী একসাথে কাজ করায় মাঠে বিএনপির ভাবমূর্তি অনেক শক্তিশালী হয়েছে। জনগণের মধ্যে একটা ইতিবাচক বার্তা গেছে যে, বিএনপি ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের রাজনীতিতে ফিরে এসেছে।”
অন্যদিকে গোলাপগঞ্জ উপজেলার এক প্রবীণ বিএনপি নেতা জানান, “এই চার চৌধুরীর কাজ এই আসনে দলের শক্তির প্রতীক। তারা কেউই ব্যক্তিগত প্রচার নয়, বরং তারেক রহমানের ৩১ দফা প্রচারকে কেন্দ্র করে কাজ করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও আগ্রহ বেড়েছে।”
আপনার মতামত লিখুন :