

নিউজ ডেস্ক :
সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২১ দিনে নতুন করে ৭৩ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এতে করে চলতি বছরে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে।
মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ২৫ জন এবং হবিগঞ্জে ১৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন রোগী। তবে এখন পর্যন্ত এ ভাইরাসে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তন ও অপর্যাপ্ত মশা নিধন কার্যক্রমের কারণে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাচ্ছে। তারা দ্রুত সচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় প্রশাসনের উদ্যোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার সিলেট বিভাগে নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হননি। চলতি বছরে এ পর্যন্ত বিভাগে মোট ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।
বিশ্লেষকরা মনে করছেন, করোনা নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গুর সংক্রমণ নতুন করে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে সিলেট বিভাগে।
আপনার মতামত লিখুন :