সাংবাদিক নুরুল হক শিপুর বিরুদ্ধে জিডি: বিএমএসএফ গোলাপগঞ্জ শাখার তীব্র নিন্দা


admin প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ২০:২০ /
সাংবাদিক নুরুল হক শিপুর বিরুদ্ধে জিডি: বিএমএসএফ গোলাপগঞ্জ শাখার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি:

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য, রানার টিভি ইউকে’র রিপোর্টার ও বিজয়৭১নিউজের সম্পাদক নুরুল হক শিপুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, সহ-সভাপতি আব্দুল আজিজ বাবর, সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক সালমান কাদের দিপু, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ এবং সদস্যরা আফসার আহমদ, তানিম ও লিমন আহমদ জিডি দায়েরের বিষয়টি নিন্দনীয় বলে মন্তব্য করেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, সাংবাদিক নুরুল হক শিপু সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ করেছিলেন। সেই সংবাদকে কেন্দ্র করে থানায় জিডি দায়ের করা স্বাধীন সাংবাদিকতার ওপর এক ধরনের হুমকি হিসেবে দেখা যাচ্ছে। সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে নেওয়া এমন পদক্ষেপ দুঃখজনক ও নিন্দনীয়।

 

নেতারা আরও বলেন, সংবাদে কেউ অসন্তুষ্ট হলে তার কাছে যথেষ্ট সুযোগ রয়েছে প্রতিবাদ বা আত্মপক্ষ সমর্থনের। কিন্তু তা না করে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হলে, এটি সাংবাদিকদের দুর্নীতি, অপকর্ম ও অপরাধের বিরুদ্ধে তথ্য প্রকাশে নিরুৎসাহিত করবে। তাই বিএমএসএফ গোলাপগঞ্জ শাখার পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে।