শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত গোলাপগঞ্জের প্রতিমা কারিগররা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১৬:২৪ /
শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত গোলাপগঞ্জের প্রতিমা কারিগররা

আব্দুল্লাহ আল মাসুদ  :

আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সারা দেশের মতো সিলেটের গোলাপগঞ্জেও চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা।

 

স্থানীয় প্রতিমা কারিগররা দিন-রাত পরিশ্রম করে দুর্গা প্রতিমাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কারিগরদের হাতের ছোঁয়ায় মাটি, খড়, বাঁশ ও রঙে সাজতে শুরু করেছে প্রতিমাগুলো।

 

একজন প্রতিমা কারিগর জানান, একটি পূর্ণাঙ্গ প্রতিমা তৈরি করতে প্রায় ১৫ দিনের মতো সময় লাগে। তবে শেষ মুহূর্তে সময় স্বল্পতা ও বাড়তি চাহিদার কারণে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

 

কারিগররা আরও জানান, বর্তমানে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে রঙের কাজ ও সাজসজ্জার শেষ স্পর্শ। আগামী দুই দিনের মধ্যেই প্রতিমাগুলো বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছে দেওয়া হবে।

 

এদিকে পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় আয়োজকরা জানিয়েছেন, গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে।

 

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। প্রতিমা দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।