এড. এমরান আহমদ চৌধুরীর সহযোগিতায় গোলাপগঞ্জে চোখের ছানি অপারেশন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৩৮ /
এড. এমরান আহমদ চৌধুরীর সহযোগিতায় গোলাপগঞ্জে চোখের ছানি অপারেশন

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মোকাম বাজারে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের উদ্যোগে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের আয়োজন করা হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং যাদের অপারেশন প্রয়োজন, তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। রোগীদের ছানি অপারেশন সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে সম্পন্ন হবে। এ সময় প্রতিটি রোগীকে একটি করে কালো চশমা, দুই মাসের ওষুধ এবং তিন বেলা খাবার সম্পূর্ণ ফ্রি প্রদান করা হবে।

চিকিৎসা নিতে আসা বহু রোগী জানান এমন সেবা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে গিয়ে ব্যয়বহুল অপারেশন যে আজ বিনামূল্যে হয়েছে, এতে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

এ সময় এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন
আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করাই আসল উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা মিয়া বলেন
মানুষের কল্যাণে এড. এমরান আহমদ চৌধুরীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি যে প্রতিনিয়ত সমাজসেবায় নিজেকে নিয়োজিত করছেন, তা অন্যদের জন্যও অনুকরণীয়। আমি চাই তিনি এভাবেই মানুষের পাশে থাকুন এবং জনগণের কল্যাণে কাজ করে যান।

ক্লিনিকের এমডি জেড রহমান জুনু বলেন
এড. এমরান আহমদ চৌধুরীর সহযোগিতায় আমরা এ সেবামূলক কাজের অংশ হতে পেরে আনন্দিত। গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত কাজ। আমরা চাই এমরান আহমদ চৌধুরী সব সময় মানুষের পাশে থাকুন এবং এরকম উদ্যোগ গ্রহণ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ, প্যানেল চেয়ারম্যান শেখ মিলাদ হোসেন, সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা রোহেল আহমদ তালুকদার, সাংবাদিক রিমন, রনি আহমদ, লিমন আহমদ প্রমুখ।

চোখের ছানি অপারেশনের মতো ব্যয়বহুল চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে হয়ে পড়লেও, কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক পদক্ষেপ। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং গরীব মানুষের পাশে সব সময় দাঁড়াবেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী।