

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসীম আহমদ রনি হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি শেখ রাজু দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৫সেপ্টেম্বর ) রাতে নিজের ফেসবুক ওয়ালে বিমানে বসা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন— “Good bye Bangladesh, ফি আমানিল্লাহ।”
এর আগে পলাতক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও আপলোড করেছিলেন শেখ রাজু। সেই ভিডিওর একটিতে তিনি হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।
গত ১০ আগস্ট শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় ফেসবুক পোস্টের জেরে যুবদল কর্মী জসীম আহমদ রনিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জসীম আহমদ রনি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ও দুই সন্তানের জনক ছিলেন। অন্যদিকে অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি ও রাজু আগে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু কয়েকদিন আগে রাজুর পরকীয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলে রনি। এমনকি ফেসবুকে এ সম্পর্কিত ছবি পোস্টও করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রনিকে ছুরিকাঘাতে হত্যা করেন শেখ রাজু—যা তিনি ভিডিও বার্তায় নিজেই স্বীকার করেছিলেন।
ঘটনার পর থেকেই শেখ রাজু পলাতক ছিলেন। প্রায় ২৫ দিন পার হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া ছবিটি থেকে ধারণা করা হচ্ছে, তিনি ইতোমধ্যে দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহত রনির পরিবার দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :