

আব্দুল্লাহ আল মাসুদ :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গত কয়েকদিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সিলেট জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে কাজকর্মে ব্যাঘাত ঘটছে, নিত্যদিনের জীবনযাত্রা হয়ে পড়ছে দুর্বিষহ।
দিনের বেলায় প্রচণ্ড রোদে রাস্তাঘাটে মানুষের চলাফেরা কমে গেছে। সিএনজি অটো-রিকশা-ভ্যান শ্রমিকদের পাশাপাশি খেটে খাওয়া মানুষদের কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে। বিশেষ করে মাঠে-ঘাটে কাজ করা কৃষক ও দিনমজুরেরা গরমে নাজেহাল হয়ে পড়েছেন। হিটস্ট্রোক ও পানিশূন্যতায় কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিতে দেখা গেছে।
অন্যদিকে, গরমে বাড়ছে বিদ্যুতের চাহিদা। লোডশেডিংয়ের কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। রাতে গরম ও বিদ্যুৎ বিভ্রাটে ঘুমাতে পারছেন না অনেকে। ফলে শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কষ্টকর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ সময় পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে। অযথা রোদে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, সেপ্টেম্বরের শুরুতেই এমন তাপদাহে তারা ভীষণভাবে বিপর্যস্ত। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।
আপনার মতামত লিখুন :