

আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেটের জৈন্তাপুরে অবস্থিত প্রাচীন ঐতিহাসিক স্থাপনা রাজকুমারী ইরাদেবী মিলনায়তন অযত্ন-অবহেলায় আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এক সময়ের জমকালো এই মিলনায়তন বর্তমানে মানুষের মল-মূত্র ত্যাগের জায়গায় পরিণত হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও ২০২৩-২৪ সালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আংশিক সংস্কার করা হয়েছিল, তবে পরবর্তীতে সেই প্রচেষ্টা আর অব্যাহত থাকেনি। ফলে অল্প সময়ের মধ্যেই ভগ্নদশা দেখা দিয়েছে, আর পুরো এলাকাজুড়ে এখন নোংরা পরিবেশ বিরাজ করছে।
ঐতিহাসিক এই মিলনায়তন কেবল অরক্ষিতই নয়, রাতের অন্ধকারে এটি নেশাগ্রস্ত ও অসামাজিক কার্যকলাপকারীদের আস্তানায়ও পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে প্রাচীন স্থাপনাটির মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক দৈনিক সিলেট বাণী পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ ও দৈনিক কাজির বাজার পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মোরাদ হাসান প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনের নিরাপত্তা ও সংরক্ষণের দাবি জানিয়েছেন। তাদের মতে, রাজকুমারী ইরাদেবী মিলনায়তন শুধু একটি স্থাপনা নয়, এটি জৈন্তাপুরের ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক।
সচেতন মহল মনে করে— যথাযথ রক্ষণাবেক্ষণ ও পুনর্গঠন করা গেলে মিলনায়তনটি আবারও পর্যটক, গবেষক ও ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। তাই অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :