

আব্দুল্লাহ আল মাসুদ :
সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, “শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তাদের চেতনা আমরা লালন করি, তারা আমাদের প্রেরণার বাতিঘর। যে জন্য তারা জীবন দিয়েছেন সেটা যেন আমরা সমুন্নত রাখতে পারি এবং সবাই মিলে দেশ গড়তে পারি।”
শনিবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে নিহত ৭ শহীদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আসামি ধরার ব্যাপারে সরকার কাজ করছে। সব আসামিকে একদিনে গ্রেপ্তার করা সম্ভব নয়, এজন্য কিছুটা সময় লাগছে। পুলিশ একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করছে। ইতোমধ্যে অনেক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং বিচারকার্য চলমান রয়েছে।”
ন্যায় বিচার প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, “ন্যায় বিচার নিয়ে সঙ্কীর্ণ হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্র ও সরকার তৎপর আছে যাতে করে নিহতদের সঠিক বিচার হয়। যাদের জীবন চলে গেছে, তাদের জীবন ফেরানো সম্ভব নয়, তবে তারা যেন ন্যায় বিচার পান সেটির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব আব্দুল মতিন, পশ্চিম আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রোমান আহমদ নৌশাদ প্রমুখ।
কবর জিয়ারতের সময় জেলা প্রশাসক সারওয়ার আলম ৭ শহীদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং বুকে জড়িয়ে শান্তনা দেন।
আপনার মতামত লিখুন :